ঢাকা | শুক্রবার | ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি নির্বাচনী পোস্টার শেয়ার করেন এবং সেখানে প্রার্থিতা ঘোষণা করেন।

নিজের ফেসবুক বার্তায় নীলা বলেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

পরবর্তীতে আরও কয়েকটি পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও আদর্শিক লড়াইয়ের প্রেক্ষাপট পরিষ্কার করেন। ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি লিখেছেন, “কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?”

নীলা ইসরাফিল নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটিকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও আধুনিক একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলা, এবং রাজধানীকে স্বাধীনতা বিরোধীদের প্রভাবমুক্ত বা ‘রাজাকারমুক্ত’ করার কঠোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি নাগরিকদের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।