ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে রাতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনী এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ি বাজার এলাকায় করতোয়া নদী সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে অভিযানে অংশগ্রহণ করে। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টরসহ চালক রাজু ইসলাম ও শান্ত আহমেদকে আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতের রায়ে রাজু ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁর ট্রাক্টর দুটি ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে যৌথবাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উদ্যোগ পরিবেশ ও নদীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।