ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্লট-ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ সকল বিশেষ কোটা বাতিল

অন্তর্বর্তী সরকারের গত এক বছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। মন্ত্রণালয় দীর্ঘদিন থেকে চলমান বৈষম্যমূলক প্লট ও ফ্ল্যাট বরাদ্দ কোটাব্যবস্থা সম্পূর্ণ বাতিল করেছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে। শহীদ পরিবার ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্পসহ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়।

গত বুধবার এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকসহ সব পেশাজীবীর জন্য নির্ধারিত বিশেষ কোটাগুলো বাতিল করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্য যাতে কোনও প্লট বা ফ্ল্যাট না পায়, সেটিও কঠোরভাবে বন্ধ করা হয়েছে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের বরাদ্দে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধানমন্ডিতে অবৈধভাবে পাওয়া ১২টি বিলাসবহুল ফ্ল্যাটের বরাদ্দও বাতিল করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শেরেবাংলা নগরে ১৭.৪৭ একর জমি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য মন্ত্রণালয় হস্তান্তর করছে। এছাড়াও, শাহবাগে একটি স্মৃতিস্তম্ভ এবং জেলায় আটটি স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন হয়েছে; বাকি ৫৫ জেলায় কাজ চলছে।

শহীদ পরিবারের সদস্য ও আহত মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুরে ২,৩৮০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়াও, নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য আজিমপুরে ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনস্বার্থবিরোধী পাঁচটি প্রকল্প বাতিল করে ৪২৬ কোটি টাকা সাশ্রয়ও করেছে মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ অডিটে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৮২টি অনিয়ম চিহ্নিত হয়েছে। এসব অনিয়মে জড়িত ১১ কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে এবং রূপপুর গ্রিন সিটি প্রকল্পে দায়ের করা মামলা অনুসারে ২৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ চলছে।

মন্ত্রণালয় গত এক বছরে আরও অনেক পদক্ষেপ নিয়েছে, যার বিস্তারিত বিষয়ও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপগুলো দেশের গৃহায়ন খাতের স্বচ্ছতা ও ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।