ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেনী সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ পুশব্যাক করেছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুরের মটুয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ১১ জন বাংলাদেশী নাগরিককে জোরপূর্বক পুশব্যাক করেছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, গভীর রাতে ফেনী ব্যাটালিয়নের টহলদল যখন ওই এলাকায় পাহারা দিচ্ছিল, তখন তারা শিশুসহ ১১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, সাতজন মহিলা এবং তিনজন শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফ রাতের অন্ধকার এবং কঠিন আবহাওয়ার সুযোগ নিয়ে তাদেরকে সীমান্ত প্রান্তে নিয়ে এসে সুকৌশলে বাংলাদেশে হেঁটে ফেরত পাঠিয়েছে। আটককৃত ব্যক্তিরা জানান, তারা বাসাবাড়ির কাজ এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে বেআইনি পথে এবং দালালদের মাধ্যমে কখনো বেনাপোলের প্রধান সীমান্ত পয়েন্ট পার হয়ে ভারতে প্রবেশ করতেন।

আটককৃতদের জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র যাচাই করার পর তাদের সকলেরই বাংলাদেশী নাগরিক হওয়া নিশ্চিত হয়েছে। তারা ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিজিবি প্রাথমিকভাবে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের মৃত হাসান শেখের ছেলে মো. রাসেল হাসান শেখ (৩৩), একই গ্রামের মৃত আবু বক্করের মেয়ে শ্যামলী খাতুন (৩৫), নড়াইল থানার পলি ডাঙ্গা গ্রামের আজিজুল ফকিরের মেয়ে সোনালী খাতুন (৩২), যশোর থানার পেরুলিয়া গ্রামের রবিউল হকের স্ত্রী হোসনেয়ারা (৪০), নোয়াপাড়া থানার নওলী মোল্লা বাড়ি গ্রামের মৃত রৌশন মোললার মেয়েরা সালমা (৪৫) ও মিনা (৪২), সাতক্ষীরা কলারোয়া থানার কাতপুর গ্রামের মৃত আকবর আলী মন্ডলের স্ত্রী হোসনে আরা বেগম (৬০), একই গ্রামের আনোয়ারুল হকের স্ত্রী সেলিনা বেগম (৪৫) এবং তাদের তিন সন্তান জিয়ারুল (১১), তৌহিদুল (৯) ও ইসমাইল (৭)।

বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনার পর ৪ বিজিবি কোম্পানির কমান্ডার বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে লিখিত প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে। পুশব্যাক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে।