ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জীবনমান উন্নয়ন ও নৈতিক সংশোধনের লক্ষ্যে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা প্রদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, কারাগারে যারা অপরাধী হিসেবে থাকেন, তাদের নৈতিক শিক্ষা দিয়ে চরিত্র গঠন করে তারা যেন পুনরায় পরিবারের কাছে ফিরে যেতে পারেন, সেই উদ্দেশ্যেই ইসলামী ফাউন্ডেশন কারাগারে ধর্মীয় শিক্ষার ব্যবস্থাপনা করেছে। এখানে ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের শিক্ষার জন্যও শিক্ষকগণ রয়েছেন, যারা বন্দিদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে কাজ করছেন।
তিনি আরও জানান, বন্দিরা যেন মানবিক গুণাবলী নিয়ে সাজানো হয়ে বিচারপূর্বক মুক্তি পান সেজন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা বন্দিদের সঙ্গে মতবিনিময়ও করেন।
পরিদর্শনে ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং জেলার একেএম মাসুমসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।








