ঢাকা | শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিশোধমূলক রাজনীতির পক্ষপাতী নয়। তিনি বলেন, তারা প্রতিশোধ ও প্রতিহিংসাকে সমর্থন করে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালেই রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন— ‘কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়’। আমরা প্রতিশোধ, প্রতিহিংসা বিশ্বাস করি না।’’

তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রীও এমন প্রতিশোধমূলক রাজনীতিকে মেনে নেন না। ‘‘আমরা অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক একটি সমাজ চাই—যেখানে মতের বৈচিত্র্য থাকবে, গণতন্ত্র থাকবে এবং সবার আগে থাকবে বাংলাদেশ। এটাই আমাদের অঙ্গীকার,’’ মন্ত্রী যোগ করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নববর্ষ উপলক্ষে সারা শহর আনন্দমুখর হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।