অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ সোমবার তিনি এক শোকবার্তায় বলেন, ‘বিমান বিধ্বস্তে যে হতাহত ঘটেছে, তা আমি গভীর দুঃখ এবং শোকসহকারে অবগত হয়েছি। এই দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমানসেনা সদস্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকেরা এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে আমার সমবেদনা জানাই।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয়। আহতদের দ্রুত সুষ্ঠু আরোগ্য কামনা করি এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিয়েছি।
তিনি যোগ করেন, ‘সরকার দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করবে।’
উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে অনেকেই হতাহত হয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির জন্য একটি গভীর শোকের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।







