ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিরোধী দলের হাতে সংসদের চারটি স্থায়ী কমিটির সভাপতি পদ: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের সভার মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, আগামী জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে চারটি কমিটির সভাপতি পদ বিরোধী দলের জন্য সংরক্ষিত থাকবে এবং এ বিষয়ে সব রাজনৈতিক দল সম্মত রয়েছে।

গত মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভায় পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ, ইস্টিমেশন ও পাবলিক আন্ডারটেকিং এই চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব বিরোধী দলের সদস্যরা করবেন বলেও নিশ্চিত করা হয়েছে।

বিএনপির নেতা সালাহউদ্দিন আরও জানান, শুধু এই চারটি কমিটিই নয়, সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষিতে বাকী স্থায়ী কমিটিতেও বিরোধীদলের জন্য আনুপাতিক হারে আসন সংরক্ষিত থাকবে। এছাড়া সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বিষয়ে, যেখানে কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে সদস্যপদ বাতিলের বিধান রয়েছে, সেক্ষেত্রে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের ভোট দেয়ার স্বাধীনতা থাকবে বলে কমিটির সদস্যদের মধ্যে সম্মতিও হয়েছে।

তবে, বিএনপির পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না এমন অবস্থান তৈরি হয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘‘আমরা নির্বাচিত হলে ৭০ নম্বর অনুচ্ছেদে এই দুটি বিষয়ও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’’

নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসন বিষয়ে তিনি বলেন, ‘‘বেশিরভাগ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু মতানৈক্য রয়ে গেছে। আশা করছি আজকের আলোচনা শেষে এই বিষয়েও সমাধানে আসা সম্ভব হবে।’’

অতএব, আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য সনদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব ইশতেহারের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা।