ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি থাকার অনুমতি নেই, লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবস্থান এবং লাইভ সম্প্রচারের বিষয়ে নতুন একটি নীতিমালা জারি করেছে। নির্বাচনী নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের জন্য এই নিয়ম অনুসরণ করতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী, ভোটকেন্দ্রের বুথে একজন সাংবাদিক সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন। এর অতিরিক্ত সময় সেখানে থাকার অনুমতি নেই। এছাড়া, বুথের ভেতর লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে প্রকাশিত ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ অনুযায়ী, বৈধ ইসি পরিচয়পত্র সঙ্গে থাকলেই সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে প্রবেশের সময় প্রিজাইডিং অফিসারকে জানিয়ে তারপরই খবর সংগ্রহ, ছবি তোলা বা ভিডিও ধারণ করতে হবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, গোপন বুথে ছবি বা ভিডিও তোলা কঠোরভাবে নিষেধ। একই বুথে একসঙ্গে দুইটির বেশি সাংবাদিক থাকা যাবে না। বুথের ভেতরে ভোটার, এজেন্ট বা কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া যাবে না।

লাইভ সম্প্রচারের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে, বুথের বাইরে নিরাপদ দূরত্বে থেকে লাইভ দেওয়া যাবে, তবে তা যেন ভোট গ্রহণকে বাধাগ্রস্ত না করে। ভোট গণনার ঘরে সাংবাদিকরা ছবি তুলতে এবং পর্যবেক্ষণ করতে পারবেন, তবে সেখানে লাইভ সম্প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এর পাশাপাশি, নির্বাচনী উপকরণ স্পর্শ বা সরানো যাবে না, কোনো প্রকার প্রচারমূলক বা উসকানিমূলক কার্যক্রম করতে পারবেন না। প্রিজাইডিং অফিসারের আইনগত নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক এবং নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার কোনো অনুমতি দেওয়া হবে না।

নীতিমালা ভঙ্গ করলে সংশ্লিষ্ট সাংবাদিকের গণমাধ্যম পাস বাতিল হতে পারে এবং তাদের বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বিষয় উল্লেখ থাকলেও স্থানীয় সংবাদ সংস্থার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই নীতিমালা জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন—উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ‘‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের জন্য এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’’