ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিটফোর্ডে হত্যাকাণ্ড: বিএনপি গঠন করলো তদন্ত কমিটি

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীর নির্মম হত্যাকাণ্ডের তদন্তে বিএনপি একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। দলটি আশঙ্কা করছে, এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জাতীয় নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।’

সোমবার (১৪ জুলাই) বিএনপি চেয়ারমেনের গুলশান অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি এবং অপবাদমূলক রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে বলে যথেষ্ট কারণ রয়েছে।

তিনি জানান, ‘আমরা একটি উপযুক্ত সদস্যবিশিষ্ট তদন্ত ও তথ্য সংগ্রহ কমিটি গঠন করেছি যাদের কাজ হবে সত্য উদঘাটন করে প্রকৃত তথ্য জনসমক্ষে আনা।’

ফখরুল বলেন, সাম্প্রতিক এই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিশেষ করে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতা তারেক রহমানকে খলনায়ক হিসেবে তুলে ধরা ও মিথ্যা তথ্য ছড়ানোর একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে বিএনপি কঠোর প্রতিবাদ জানাচ্ছে।

তিনি আরও জানান, বিএনপি একটি দায়বদ্ধ রাজনৈতিক দল হিসাবে মিটফোর্ড এলাকায় লাল চাঁদ সোহাগ নামের ওই ভাঙারি ব্যবসায়ীর নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করছে।

পুলিশের অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা হিসেবে আজীবন বহিষ্কার কার্যকর হয়েছে, যদিও সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিএনপি নেতা আরও জানান, নিহতের পরিবার ইতোমধ্যে মামলার বিবৃতিতে অসঙ্গতির অভিযোগ করেছেন। পরিবারের কথায়, আসল দোষীদের জায়গায় রিপোর্টে তিনজনের নাম দেয়া হয়েছে, যাদের বিরুদ্ধে পরিবারের কোনো অভিযোগ নেই। এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নির্মম হত্যার সঙ্গে যারা সরাসরি যুক্ত তারা এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেফতার হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাম বা পরিচয় প্রকাশ করেনি।