ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মির্জা ফখরুলের আশা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জাতীয় নির্বাচন আয়োজন করবে।

সোমবার (৭ জুলাই) সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হতে পারবে।’ তিনি আরও বলেন, ‘জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান বিশেষ করে ছাত্র ও জনতার আন্দোলন আমাদের সমাজে নতুন পথ দেখিয়েছে, সেই পথে এগিয়ে যাওয়ার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।’

এছাড়া, মির্জা ফখরুল জানান, বিএনপির প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলা ও দমন-পীড়নের ফলে অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।

সোমবার সকালে ঢাকার একটি ফ্লাইটে দলটির কেন্দ্রীয় নেতারা মির্জা ফখরুলের নেতৃত্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী জানান, বিকালে সিলেটের পাঠানটুলা এলাকায় অবস্থিত সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে মির্জা ফখরুল অংশ নেবেন।

একই সঙ্গে, সিলেটের দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে গত জুলাই ও আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যার প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।