ঢাকা | বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মীর শাহে আলম: তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক, ঘাটতির কোনও আশঙ্কা নেই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, তেলের আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে আগামী তিন মাসের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে এবং জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু নতুন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তার কথায়, এসব উদ্যোগের মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখার নির্দেশনা ও মন্ত্রী ও সচিব পর্যায়ের ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত।

মীর শাহে আলম আরও বলেন, ‘‘বিগত ১৭ বছরে উন্নয়নের কথা অনেক বলা হয়েছে, কিন্তু মাঠে যে বাস্তব চিত্র তা লক্ষণীয় ছিল না। বর্তমানে মাঠ পর্যায়ে কাজ করার সময় সেই বাস্তব চিত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’’

টাঙ্গাইলের পার্ক বাজারের অবকাঠামো উন্নয়নের বিষয়েও তিনি জানান যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে সড়ক ও বাজার উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।