ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড উত্তরা সেন্টার ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে গত ২৫ জুন অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি বহির্গমন বিষয়ক মহড়া সফলভাবে আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উত্তরা সেন্টারে সকাল ১১টায় এবং বিকেল সাড়ে ৩টায় বিজয় সরণি সেন্টারে অনুষ্ঠিত এই মহড়ায় বিভিন্ন আধুনিক সরঞ্জাম যেমন ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স এবং স্নোরকেল গাড়ি ব্যবহার করে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হয়।
মহড়ার মূল উদ্দেশ্য ছিল মেট্রো রেলে বা স্টেশনে হঠাৎ কোনো অগ্নিদুর্ঘটনা ঘটলে যাত্রী ও কর্মীদের দ্রুত ও সঠিক সুরক্ষা প্রদানের প্রক্রিয়া বাস্তবায়ন করা। এতে কিভাবে দ্রুত অগ্নিনির্বাপণ করা যায়, যাত্রীদের নিরাপদে বের করে নেওয়া যায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করা যায় তা অভিজ্ঞতার মাধ্যমে অনুশীলন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা কর্মী ও স্থানীয় ভলান্টিয়াররাও মহড়ায় অংশগ্রহণ করেন। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যগণ যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করে মহড়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।
মহড়া শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম বক্তব্য প্রদান করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, এই মহড়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও প্রকৃত দুর্ঘটনায় কর্মীদের এবং যাত্রীদের করণীয় বিষয়ে অবহিত করা হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান শিকদার এবং সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ। এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ফায়ার সার্ভিস মিডিয়া সেল







