ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

শিক্ষা শুধুই চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য কেবল কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বতঃপ্রণোদিত ও উদ্ভাবনী মনোভাবসম্পন্ন মানুষ গড়ে তোলা। মানুষ জন্ম থেকেই সৃজনশীল, তবে প্রথাগত শিক্ষাপদ্ধতিগুলি অনেকসময় সেই মনোভাবকে দমন করে শুধু চাকরি পাওয়ার উপায় শেখানোর দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসাবে দেখলে তার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে যায়। আসলে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা প্রদান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি পাওয়ার প্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টি করতে সক্ষম একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনা ও নতুন কিছু তৈরির সাহস এই গুণগুলো বিকাশের জন্য শিক্ষাব্যবস্থার ব্যাপক গুরুত্ব রয়েছে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন এবং ভুল নীতির কারণে ওই সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো সম্ভব হয় না। শেখার মাধ্যমে এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজকের খবর / এমকে