ঢাকা | রবিবার | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষে মাহমুদুল হক রুবেল জয়ী

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান (মাসুদ) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর প্রার্থী মো. মিজানুর রহমান মাত্র ৪৮০ ভোট পেয়ে জমানত হারিয়েছেন।

রাতে ভোট গণনা শেষ করে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন। পোস্টাল ভোটসহ মোট ১২৯টি কেন্দ্রের ফলাফল গণনা করে ধানের শীষকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শেরপুর-৩ আসনের ভোটারদের উপস্থিতি ৫০.৫২ শতাংশ ছিল।’

তবে ভোট চলাকালীন জামায়াত প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। বিকাল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি জাল ভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনাও সংগঠিত হয়েছে। এসব বিষয় প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, এ আসনের জাতীয় সংসদ নির্বাচন আগে নির্ধারিত ছিল ১২ ফেব্রুয়ারি; তবে জামায়াত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচনে স্থগিততা হয়। পরে আজ উপনির্বাচনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।