ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ষাড়ের মই দৌড় খেলা

ষাড়ের মই দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় খেলা, যা বিশেষ করে কৃষক সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়। যদিও নানা কারণে এই খেলা হারিয়ে যেতে বসেছিল, শেরপুর জেলার শুকনো মৌসুমে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় মজাদার এই প্রতিযোগিতা, যা কৃষকসহ সাধারণ মানুষের মুখে হাসি ফোটায়।

শেরপুর সদর উপজেলার চরশেরপুর নাগপাড়ায় এই খেলার আয়োজন করে স্থানীয়রা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। প্রতিযোগিতায় দুটি মই প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে প্রতিটি মইয়ে চারটি ষাড় থাকে। ষাড়গুলি একটি নির্দিষ্ট পথ ধরে দৌড়ায়, যার শুরুতে দুইজন মইয়াল এবং তিনজন ধরাল থাকে। রেফারীর বাঁশি ফুকলেই ষাড়দের দৌড় শুরু হয়, আর যে দল প্রথম পৌঁছায়, তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

যেখানে এই প্রতিযোগিতা হয়, সেখানে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর সমাগম ঘটে এবং পুরো এলাকা উদযাপনে মেতে ওঠে। খেলা যেন গ্রামের প্রাণসঞ্চার হয়ে দাঁড়ায়। বিগত ১৯ জানুয়ারী এই খেলাটি অনুষ্ঠিত হয় নাগপাড়া এলাকায়, যেখানে স্থানীয়দের উৎসাহ দেখে নিশ্চিত হওয়া যায় যে, ঐতিহ্যটি নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়বে।

এবারের খেলায় জামালপুর জেলার ইসলামপুরের চন্দনপুরের হাবু বেপারি দল চ্যাম্পিয়ন হয়। খেলাশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম এবং উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহানুর রহমান সাইম, শিক্ষক আসমত আলী ও অন্যান্য বিশিষ্টজনরা।

আয়োজক আসমত আলী জানান, ‘ষাড়ের মই দৌড় খেলা মেহনতি কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে বিশেষ প্রিয়, তাই আমরা প্রতিবছর এই খেলার আয়োজন করতে চাই।’ এর মাধ্যমে হারিয়ে যাওয়া ঐতিহ্য টিকে থাকবে এবং নতুন প্রজন্মের মাঝে এ খেলাটি প্রসার পাবে।