ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

সংসদে চারটি স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলের জন্য নিশ্চিত: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের সভার মধ্যাহ্নভোজ বিরতির সময়ে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে চারটি কমিটির সভাপতি পদ বিরোধী দলের জন্য নির্ধারিত হয়েছে এবং এই সিদ্ধান্তে সব রাজনীতিক দল একমত হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভায় পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং এই চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে নামযোগ্য করার বিষয়টি সম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, শুধু এই চারটি কমিটিই নয়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাকি স্থায়ী কমিটিতেও বিরোধীদলের জন্য অনুপাতের ভিত্তিতে নির্দিষ্ট আসন থাকবে। এছাড়া সংবিধানের ৭০নং অনুচ্ছেদের বিষয়েও সবাই একমত রয়েছেন, যেখানে নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যের পদ বাতিলের বিধান রয়েছে। এই অনুচ্ছেদের আওতায় আস্থা ভোট এবং অর্থ বিলের বাইরে অন্যান্য বিষয়ের ভোটে সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিত করা হবে। তবে বিএনপির পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না এমন স্পষ্ট মনোভাব ব্যক্ত করা হয়েছে। সালাহউদ্দিন বলেন, ‘আমরা নির্বাচিত হলে ৭০ নম্বর অনুচ্ছেদে এই দুই বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছি।’ তিনি নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন নিয়ে বলেন, ‘বেশিরভাগ রাজনৈতিক দলই নারীদের সংরক্ষিত আসনে একমত, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু মতবিরোধ আছে; আশা করছি আজকের আলোচনা শেষে এ বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’ এছাড়াও, জুলাইতে আনার পরিকল্পনা করা সনদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আলাদা ইশতেহারকেও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন বিএনপির এই নেতা।