ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে: ধর্মমন্ত্রী

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ তথ্য জানান। সংসদের দশম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রশ্নোত্তরে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজের ঘোষণা সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সকল খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়াও, সৌদি সরকারের নির্ধারিত লাইনের অনুয়ায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। হজ ২০২৭-এর প্যাকেজের প্রণয়ন ও ঘোষণা সময়, হজযাত্রীর সুবিধা ও চাহিদার ভিত্তিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হজ প্যাকেজের খরচ কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।