ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। যদি আমরা তাদের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে পদত্যাগ করাই উচিত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
মন্ত্রী আরও বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে যেন হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফর সম্পন্ন করতে পারেন। তিনি হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।
এ ছাড়াও তিনি হজ কার্যক্রম শুরুর প্রস্তুতি, যাত্রীদের প্রস্থান ও কাউন্টার—সব প্রস্তুতি খতিয়ে দেখেন। আজ শুক্রবার মধ্যরাত থেকেই চলতি বছরের হজ ফ্লাইটগুলো শুরু হচ্ছে।
প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা’র কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছাড়বে। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ মোট ১৪টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, তিনটি সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস এয়ারলাইনস। এ বছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে যাচ্ছেন; এর মধ্যে সরকারি ব্যবস্থায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন। সৌদি আরবে ইতোমধ্যেই পৌঁছেছে ১৭১ সদস্যের মেডিক্যাল টিম।








