বিজ্ঞান ও পর্যটনের আধুনিকতার অংশ হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ও বহির্গামী যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৮ জুলাই) এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচক জানিয়েছে, সংস্থাটি এই শাটল সার্ভিস পরিচালনা করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা ও বেবিচক চেয়ারম্যানের তত্ত্বাবধানে, নিজেদের অর্থায়নে। এই বাসগুলো বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে চলাচল করবে। ফলে যাত্রীরা এই রুটগুলোতে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যেতে পারবেন বিনামূল্যে।
বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিক অক্ষমতা বা ভারী লাগেজ থাকলেও এই সেবা তাদের জন্য খুবই উপকারী হবে বলে জানিয়েছে বেবিচক। পাশাপাশি, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানোর মাধ্যমে শহর ও বিমানবন্দরের যানজট নিয়ন্ত্রণ, পরিবেশের উন্নয়ন ও দ্রুত যাতায়াতের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, এই নতুন শাটল সার্ভিসের মাধ্যমে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা আরও মানসম্মত, আরামদায়ক ও দ্রুত হবে। এ উদ্যোগে সময় সাশ্রয়, নিরাপদ চলাচল নিশ্চিতসহ উন্নত সেবা প্রদান সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভিন্ন অংশীজন ও গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন। এই পদক্ষেপ বিমানবন্দরে যাত্রীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশি-বিদেশি পর্যটকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।







