দীর্ঘ ২৩ বছর পর আগামী ২ জুলাই বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সফল করতে জেলা বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালাচ্ছেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এ সম্মেলনকে কেন্দ্র করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্য মোঃ সিদ্দিকুর রহমান জানান, সম্মেলনে জেলা আহ্বায়ক কমিটির ৩০ জন সদস্যসহ ৮টি উপজেলা এবং ৫টি পৌরসভার প্রায় ১৪০০ জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনটি বিকেলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে, যেখানে কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা বিএনপি নেতা মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
এসময় জেলা বিএনপির শীর্ষ পদগুলোতে বিভিন্ন নেতার নাম আলোচনায় রয়েছে। সভাপতিত্বের পদে যে নামগুলো সবচেয়ে বেশি উঠে এসেছে, তারা হলেন বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া। সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতায় আছেন পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, এ্যাডঃ মোহসীন উদ্দীন, বশির আহমেদ মৃধা, মোঃ মনিরুল ইসলাম লিটন ও এ্যাডঃ তৌফিক আলী খান কবির।
সাংগঠনিক সম্পাদক পদে সুনাম ধরে রেখেছেন খন্দকার ইমাম হোসেন নাসির, আলমগীর হোসেন বাচ্চু, ভিপি শাহীন, মশিউর রহমান মিলন ও এ্যাডঃ মাকসুদুর রহমান মাকসুদ।
বর্তমানে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনটি হয়েছিল ২০০২ সালে, যেখানে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে মেয়াদউত্তীর্ণ হওয়ার কারণে কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক ও স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এবারের সম্মেলন জেলা বিএনপির জন্য নতুন জীবনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।









