দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২ জুলাই বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সফল সম্মেলন আয়োজনের লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা ও প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ আসাদুল কবির শাহীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অন্যান্য নেতা-কর্মীরা। সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা দায়িত্বে থাকবেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন নিয়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। জেলা বিএনপির সদস্য মোঃ সিদ্দিকুর রহমান জানান, সম্মেলনে জেলা আহ্বায়ক কমিটির ৩০ জনের পাশাপাশি ৮টি উপজেলা ও ৫টি পৌরসভার প্রায় ১৪০০ জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন। বিকেলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এবং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে, নিশ্চিত করেছেন জেলা নেতা মিজানুর রহমান।
এদিকে, জেলা বিএনপির শীর্ষ তিন পদ — সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক — নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সভাপতির পদে নাম জড়িয়েছে বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার। সাধারণ সম্পাদক পদে মুখ খুলেছেন পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু, এ্যাডভোকেট মোহসীন উদ্দীন, বশির আহমেদ মৃধা, মোঃ মনিরুল ইসলাম লিটন ও এ্যাডভোক তৌফিক আলী খান কবির। সাংগঠনিক সম্পাদক হিসেবে সম্ভাব্য প্রার্থীরা হলেন খন্দকার ইমাম হোসেন নাসির, আলমগীর হোসেন বাচ্চু, ভিপি শাহীন, মশিউর রহমান মিলন ও এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাকসুদ।
জানা গেছে, গত সর্বশেষ জেলা সম্মেলন ২০০২ সালে অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় সভাপতি ছিলেন এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ছিলেন স্নেহাংশু সরকার কুট্টি। অতপর দীর্ঘ সময় কমিটি বিলুপ্ত থাকার পর ২০২০ সালের ২ নভেম্বর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এই সম্মেলন পটুয়াখালী জেলা বিএনপির জন্য নতুন উদ্দীপনা ও শক্তি সঞ্চারের সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এটি ঐতিহাসিক এবং ফলপ্রসূ সম্মেলন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।








