ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৩৩টি ব্যাংকে হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদিত ৩৩টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে। এই ব্যাংকগুলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহের মাধ্যমে হজ যাত্রার অর্থবিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উপসচিব মো. রফিকুল ইসলাম তালিকাটি অনুমোদন করেছেন। অনুমোদিত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং শাহাজালাল ইসলামী ব্যাংক।

মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যাংকগুলোকে সোনালী ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে হবে এবং প্রাক-নিবন্ধনের ফি প্রতি ৩০ দিনের মধ্যে সোনালী ব্যাংকে স্থানান্তর করতে হবে। এছাড়া কোনও হজ এজেন্সিকে হজযাত্রীর বিপরীতে ঋণ দান করার অনুমতি থাকবে না। হজযাত্রীদের নিবন্ধন ফি সম্মন্ধিত অর্থ শুধুমাত্র মন্ত্রণালয়ের অনুমোদিত নির্ধারিত খাতে ব্যবহার করা যাবে এবং তা অন্য কোনও উদ্দেশ্যে স্থানান্তর বা ব্যবহার করা যাবেনা।

সব প্রতিষ্ঠানকে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত)’ সঠিকভাবে মেনে চলতে হবে। এই পদক্ষেপ হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং হজ কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।