ঢাকা | বুধবার | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৮ হিজরি

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা হবে রবিবার: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে আগামী থেকে ৫ আগস্ট সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকী এই তথ্য জানান। তিনি বলেন, রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নেবে সরকার।

ফারুকী জানান, ‘জুলাই মাস জুড়ে গণ-অভ্যুত্থান সম্পর্কিত কর্মসূচির মাধ্যমে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে। বিস্তারিত কর্মপরিকল্পনা আগামী সোমবার ঘোষণা করা হবে। ১৪ জুলাই থেকে এই কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। দেশের ঐক্য বজায় রেখে সবার মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করা হবে।’

তাঁর কথা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার কাজ করছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।