ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজায় মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্রে মৃত্যু:fহিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে হত্যা করছে বলে শুক্রবার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি আরও জানিয়েছে, এখানে ক্ষুধাকে এক ধরনের যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জেরুজালেম থেকে এসেছিল খবর, হিউম্যান রাইটস ওয়াচ-এর সংকট ও সংঘাত বিষয়ক সহপরিচালক বেলকিস উইলে বলেন, গাজায় ‘মার্কিন সমর্থিত ইসরায়েলি বাহিনী ও বেসরকারি ঠিকাদাররা এমন একটি ত্রুটিপূর্ণ ও সামরিক নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করেছে, যা সহায়তা পৌঁছানোর পরিবর্তে নিয়মিত রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে।’

প্রায় ২২ মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিযুক্ত বিশেষজ্ঞরা বলছেন, এই ফিলিস্তিনি অঞ্চল এখন এক দুর্ভিক্ষের মুখে এবং বেসামরিক মানুষরা অনাহারে মৃত্যুর মুখে পড়ছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের একটি বেসরকারি ত্রাণ উদ্যোগকে সমর্থন দেয়, যা গাজার চারটি কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছে। এই কেন্দ্রগুলোর নিরাপত্তা দায়িত্বে রয়েছেন মার্কিন সামরিক ঠিকাদার ও ইসরায়েলি সেনাবাহিনী।

জিএইচএফ তাদের কার্যক্রম শুরু করে মে মাসের শেষের দিকে, যা জাতিসংঘ-নেতৃত্বাধীন মানবিক সহায়তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত সহায়তার পথ বদলে দিয়েছে। ইসরাইলও তখন দুই মাসেরও বেশি সময় ধরে চলা খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যের অবরোধ কিছুটা শিথিল করতে শুরু করে।

তবে এ সময় থেকে গাজার অভ্যন্তরে এএফপি প্রতিবেদক, সিভিল ডিফেন্স সংস্থা ও প্রত্যক্ষদর্শীরা বারবার এমন ঘটনাসমূহের কথা জানিয়েছেন যেখানে সহায়তা পাওয়ার আশায় জিএইচএফ কেন্দ্রের আগে জড়ো হওয়া অসাহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চকমিশনের তথ্য অনুযায়ী, ২৭ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অন্তত ৮৫৯ জন ফিলিস্তিনি জিএইচএফ-এর ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে খাদ্য সংগ্রহের সময় নিহত হয়েছেন। যাদের অধিকাংশই ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচের বেলকিস উইলে বলেন, ‘ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক অনাহারে রেখে দিয়েই থামছে না, বরং তারা প্রায় প্রতিদিনই যখন মানুষ তাদের পরিবারের জন্য খাবার নিতে চেষ্টা করে, তখন গুলি করে তাদের হত্যা করছে।’

এই অভিযোগের বিষয়ে এএফপির প্রশ্নে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, যদিও তারা আগে বলেছে যে তারা নিরস্ত্র বেসামরিক লোকদের টার্গেট করে না এবং দুর্ঘটনাজনিত হতাহতের হাত থেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ শুক্রবার গাজায় জিএইচএফ-এর অন্তত একটি খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন। এমন সময় যখন আন্তর্জাতিক মহলে এই ক্ষুধা সংকট মোকাবেলাকে কেন্দ্র করে চাপ বেড়েই চলেছে।