ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে

সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি

ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবাপ্রদান এবং ওভার দ্যা টপ

(ওটিটি) প্লাটফর্ম-সংক্রান্ত নীতিমালা প্রণয়নবিষয়ক সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত

করেন।

উপদেষ্টা বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবাপ্রদান এবং ওটিটি প্লাটফর্মের

সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় কোন কাজটি করবে সেটি

এলোকেশন অব বিজনেস দ্বারা নির্ধারিত। তিনি দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও

সহযোগিতার ভিত্তিতে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সালাহউদ্দিন: সংবিধান কোনো ‘সাহিত্য’ নয়

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান

উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী ও

জনবান্ধন করতে প্রযুক্তি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করতে হবে। এই পরিকল্পনায়

সংশ্লিষ্ট অংশীজনকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, এ বিষয়ে দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত

গ্রহণ করবে। এর পাশাপাশি লাইসেন্সিং, মনিটরিং ও মনিটাইজেশনের বিষয়েও দুই মন্ত্রণালয়

সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার

কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি এবং

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধি উপস্থিত ছিলেন।