ভোলা সদর মডেল থানা ও র্যাব-৮’র সহযোগিতায় ভোলা পৌরসভা এলাকায় এক তরুণীর মৃত্যুর ঘটনায় মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে, জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পুলিশের বর্ণনায়, গত ৪ জুন সকাল সাড়ে ১১টার দিকে ভোলা পৌরসভার উত্তরপাড়া এলাকায় একটি পঞ্চতলায় অবস্থিত ফ্ল্যাটের পূর্ব পাশের রুমের খাটের ওপর সুমাইয়া আক্তার মিতু (২২)কে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
ঘটনায় নিহতের পিতা মো. বশির আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় রুজু করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গত ১৭ জুন রাতে আনুমানিক একটার দিকে র্যাব-৮-এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সোহাগ (২৭), মোছা. কহিনুর বেগম (৫৫) এবং মো. মুলা আক্তার (২৭)।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।








