সাউথইস্ট ব্যাংক পিএলসি গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে, ব্যাংকের সম্মানিত স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে দুঃখজনকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে সাউথইস্ট ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত।
জনাব আজিম উদ্দিন আহমেদ ১৯৪০ সালের ৩০ জুন এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে তিনি একজন প্রতিভাধর এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি মিউচুয়াল গ্রুপ ও এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি, আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান হিসেবেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
শিক্ষা ও মানবসম্পদের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন এবং সমকালীন সময়ের সাবেক চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য হিসাবে তিনি শিক্ষা-ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন।
তাঁর সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে অবদান অনস্বীকার্য। নিজ জেলা ফেনী এলাকায় তিনি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যেখানে তাঁর উদার সহযোগিতা সমাজে প্রশংসিত।
সাউথইস্ট ব্যাংক পিএলসি পরিবার জনাব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। তাঁর স্মৃতি গভীর শ্রদ্ধায় স্মরণীয় হয়ে থাকবে।








