ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের অপকর্ম সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা যদি কোনো অপকর্ম করতে চেষ্টা করে, তাহলে তা কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, পাঁচ আগস্টের আশ-পাশে দেশে কোনো ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত ও সতর্ক রয়েছে। পাশাপাশি, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলেই আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করছেন, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে।

আওয়ামী লীগের গোপন কার্যক্রম এবং গোপন প্রশিক্ষণের অভিযোগ নিয়ে তিনি বলেন, সকলকে আইনের আওতায় আনা হবে এবং যদি কোনো বাহিনীর সদস্য এ বিষয়ে জড়িত পাওয়া যায়, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এগুলো নিয়ে তদন্ত চলমান এবং তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও উল্লেখ করেন, সঠিক তথ্য এবং সত্যিকারের সংবাদ প্রচারের মাধ্যমে দেশের অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশের সাংবাদিকরা সত্য প্রকাশ করে আসছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন ধীরে ধীরে নরম হয়ে আসছে এবং তারা আগের মতো সরবভাবে আর মত প্রকাশে সক্ষম হচ্ছে না।