যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিয়মিত হত্যার অভিযোগ উঠেছে, শুক্রবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) থেকে। সংগঠনটি আরও জানিয়েছে, দুর্ভিক্ষকে ইসরায়েল যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, এইচআরডব্লিউয়ের সংকট ও সংঘাত বিষয়ের সহপরিচালক বেলকিস উইল বলেন, গাজায় মার্কিন সমর্থিত ইসরাইলি বাহিনী ও বেসরকারি ঠিকাদাররা সামরিক নিয়ন্ত্রিত একটি ত্রুটিপূর্ণ ত্রাণ বিতরণ ব্যবস্থা পরিচালনা করছে, যা সহায়তা কার্যক্রমকে নিয়মিত রক্তপাতের পরিবেশে পরিণত করেছে।
প্রায় দুই বছর ধরে গাজায় ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনি ভূমি দুর্ভিক্ষের মুখে পড়েছে এবং সাধারণ জনগণ অনাহারে মারা যাচ্ছে বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
ইসরাইল এবং যুক্তরাষ্ট্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামক একটি বেসরকারি ত্রাণ উদ্যোগকে সমর্থন দিয়েছে, যা গাজার চারটি স্থানে কার্যক্রম পরিচালনা করছে। এসব কেন্দ্রে মার্কিন সামরিক ঠিকাদার এবং ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে।
মে মাসের শেষ দিকে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতিসংঘের নেতৃত্বাধীন মানবিক সহায়তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, যা ইসরাইলকে খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যের অবরোধ কিছুটা শিথিল করতে সাহায্য করেছে।
তবে পেশাদারিক প্রতিবেদকরা, সিভিল ডিফেন্স সংস্থা এবং প্রত্যক্ষদর্শীরা বারবার জানিয়েছেন, জিএইচএফ কেন্দ্রের আশপাশ খাদ্য সংগ্রহের জন্য গাজার ফিলিস্তিনি অসহায় নাগরিকরা যখন জড়ো হয়, তখন ইসরাইলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্য অনুযায়ী, ২৭ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অন্তত ৮৫৯ জন ফিলিস্তিনি এই ত্রাণকেন্দ্রের আশপাশে খাদ্য সংগ্রহের সময় নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইসরাইলি সামরিক গুলিতে মারা গেছেন।
এইচআরডব্লিউর বেলকিস উইল বলেছেন, ‘ইসরাইলি বাহিনী কেবল ফিলিস্তিনি বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে না, তারা এখন প্রায় প্রতিদিনই পরিবারের জন্য খাবার সংগ্রহের চেষ্টা করা মানুষগুলোর ওপর গুলি চালিয়ে হত্যা করছে।’
এই প্রতিবেদনের বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি, তবে পূর্বে তারা বলেছে যে নিরস্ত্র বেসামরিকদের লক্ষ্য করে তারা গুলি চালায় না এবং দুর্ঘটনাজনিত হতাহতের বিষয়টি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ শুক্রবার গাজায় জিএইচএফ-এর একটি খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন, এমন সময় যখন এই অঞ্চলে খাদ্য সংকট মোকাবেলায় আন্তর্জাতিক চাপ বেড়েই চলছে।








