কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল পারমানেন্ট ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘চৌধুরী জাফরুল্লাহ শরাফাত ট্রফি ২০২৫’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্তপর্ব। ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ ও রুদ্ধশ্বাস লড়াইয়ে CUB Underdogs ১-০ গোলে পরাজিত করেছে শক্তিশালী CUB Spurs FC-কে।
ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলো প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ, যা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য এবং ক্রীড়ার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব চৌধুরী জাফরুল্লাহ শরাফাত। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করেন যে, শুধুমাত্র পড়াশোনা নয় বরং সহ-শিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধি করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট একটি ক্রীড়াপ্রেমিক আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।









