ঢাকা | বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা। সোমবার

(৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে এসব অঞ্চলে সব ধরনের অনলাইন জিডি

সেবা চালু হচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, প্রধান

উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের

জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম

মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

এরআগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। আগামীকাল থেকে

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার সব থানায় (মোট ১৩৪টি থানা) অনলাইনে সব ধরনের

জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু

হবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর

নিবন্ধন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার নিবন্ধের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন

নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।