কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, কারেন্ট জাল এবং আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার ভোরে মহিষকুন্ডি আশ্রয়ণ বিওপি এলাকায় পুরাতন ঠোটারপাড়া পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ৮ হাজার ৮০ পিস ইয়াবা এবং ৭৭ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। এই মাদক ও কারেন্ট জালের বাজার মূল্য প্রায় ২৭ লাখ ৩২ হাজার টাকার কাছাকাছি।
এর পূর্বে, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় রামকৃষ্ণপুর বিওপির মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল মদ ও ২৫৭ পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট জব্দ করে বিজিবি। এ সব মালামালের আনুমানিক বাজার মূল্য এক লাখ ১৩ হাজার ১০০ টাকা।
সেই একই রাতে, রাত ১১টার দিকে চিলমারী বিওপির আওতাধীন শান্তিপাড়া মাঠে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা এক হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং এক হাজার ৮০ পিস আতশবাজি উদ্ধার করেন, যার বাজার মূল্য প্রায় তিন লাখ ২৭ হাজার টাকা।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব মালিকবিহীন কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যগুলো মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে রাখা হয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এসব বিষয়ে বলেন, “সীমান্তের নিরাপত্তায় রক্ষা করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”








