ঢাকা | বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ সম্পন্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগসংস্থান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মিলিত হয়েছে। এই বৈঠকটি বুধবার বাংলাদেশ সচিবালয়ে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জানা গেছে, মিতসুই বিশ্বজুড়ে অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, ধাতু ও খাদ্য বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৈঠকে বাংলাদেশে কৃষি, খাদ্য, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং বিদ্যমান বিনিয়োগের পরিধি বিস্তারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, বর্তমান সরকার অত্যন্ত বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি পুঁজির আগমন ও সম্প্রসারণের জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এছাড়াও, বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যবসায়িক কার্যক্রম ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার জন্য সরকারের বিভিন্ন সংস্থাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ এর আওতায় একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, বিনিয়োগ সংক্রান্ত সব ধরনের আনুষ্ঠানিকতা দ্রুত এবং নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, যা সরকার আশাবাদ ব্যক্ত করেছে।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ সহকারী ডা. মো. শাকিরুল ইসলাম খান ও অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

অন্যদিকে, মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।