মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদায়) লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ মহোদয় বিআরটি প্রকল্পের আওতাধীন টঙ্গী ফ্লাইওভারে ওঠা-নামার র্যাম্পসহ সড়কের বিভিন্ন অংশ এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করেন। ওই সময় সেতুবিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পর, আব্দুল্লাহপুর ক্রসিং, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে ঢাকা এলিভেটেড, ঢাকা আশুলিয়া এলিভেটেড, বিআরটি এবং অন্যান্য সড়ক অবকাঠামো ও ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মহাখালী বাস টার্মিনাল থেকে বাস উঠা-নামার র্যাম্প নির্মাণের অগ্রগতি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিএফডিসি গেইট থেকে কুতুবখালী অংশ পর্যন্ত কাজের অবস্থা, আশুলিয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অসমাপ্ত অংশের অগ্রগতি, টঙ্গী ফ্লাইওভারের আব্দুল্লাহপুর পয়েন্টে ওঠা-নামার র্যাম্প নির্মাণ কাজের অবশিষ্ট কাজ এবং বিআরটি প্রকল্পের আওতাধীন বিভিন্ন সড়কের মেরামত কার্যক্রম বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী মহোদয় আব্দুল্লাহপুর ক্রসিংয়ে সড়কের জরুরি মেরামতের পাশাপাশি প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সেতুবিভাগের সচিব বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান জনগণের যাতায়াত সুবিধা ও সময় সাশ্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া তিনি প্রকল্পের গুণগত মান নিশ্চিতকরণ এবং সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে গুরুত্বারোপ করেন।
সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঢাকা বাস র্যাপিড ট্রানজিট পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক)সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।








