ঢাকা | সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নারীর ক্ষমতায়ন ও কন্যার নিরাপত্তা নিশ্চিতের জন্য ডা. জুবাইদা রহমানের জোরালো আহ্বান

দেশের সামাজিক ও পারিবারিক কাঠামো উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে নারীরা মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারেন। সোমবার রাজধানী ঢাকায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এক বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পুনাক-এর সদস্যদের জনহিতকর কাজের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আপনারা কর্মের মাধ্যমে আগামী প্রজন্মকে সমাজে অবদান রাখতে শেখাচ্ছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের জন্য গৃহীত আপনার কার্যক্রমগুলো এক সুন্দর, সুস্থ মানবিক সমাজ গঠনের ভিত্তি। যদি আমরা সবাই নিজের নিজ নিজ ক্ষেত্রে সমাজের লক্ষ্য অর্জনে অবদান রাখি, তাহলে সেটা বাস্তবায়ন সম্ভব হবে, ইনশা আল্লাহ।’ তিনি সমাজসেবামূলক এই উদ্যোগগুলোকে সুস্থ, মানবিক সমাজ গঠনের মূল স্তম্ভ হিসেবে দেখছেন।

কন্যা শিশুদের সুরক্ষা ও তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিতে বিশেষ গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নে মূল কেন্দ্র হিসেবে কাজ করতে পারেন। কন্যা শিশুদের সুরক্ষা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করলে, তারা নিজেদের ভবিষ্যৎ নির্মাণে স্বচ্ছন্দ্যবোধ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাকে এই পথে প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে এগিয়ে নেওয়া উচিত। আমি মনে করি, সরকারের উচিত নারীর অগ্রযাত্রাকে আরও মসৃণ ও বাধামুক্ত করা।’

এছাড়া, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তিনি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘স্বনির্ভরতার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, ডেভেলপমেন্ট ও মার্কেটিং সহায়তা প্রদান প্রয়োজন। এতে পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পাবে, সন্তানদের শিক্ষা সহজ হবে এবং দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে।’

সমাপ্তিতে তিনি পুনাক-এর সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।