ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নওগাঁয় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয়ে জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর সহযোগিতায় শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ মাহফুজ আলম শ্রাবণের মা বেবি নাজনীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী, তাসলিমা ফেরদৌস, এবং নুর তাজসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র ও জনতা আন্দোলনে মায়েদের অবদান সত্যিই অমূল্য। আন্দোলনের সময় অনেক মা দেখেছেন, মাতৃস্নেহে সন্তানকে হারানোর ভয় বয়ে নিয়ে তারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজ সন্তানের সাহস ও উদ্যমটা জুড়িয়ে দিয়েছেন। তারা শুধু সমর্থনেই থেমে থাকেননি, বরং স্বপ্রণোদিত হয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন। পুরুষতান্ত্রিক সমাজে এই নারীদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। অনেক মা আন্দোলনকারীদের ঘরে আশ্রয় দিয়েছেন এবং প্রয়োজনীয় খাদ্য ও সহায়তা দিয়েছেন। এই ঘটনাগুলো আমাদের হৃদয়ে উদ্দীপনা জাগায় এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস হিসেবে তুলে ধরার প্রতি আমাদের দায়িত্ববোধ তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক উন্নয়ে নারীদের সব ক্ষেত্রে সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করাই জাতির উন্নতির একান্ত প্রয়োজন। তাই পুরুষতান্ত্রিক সমাজের বাধা কাটিয়ে নারীরা সামনে এগিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাধারণ স্থানীয় জনগণও উপস্থিত ছিলেন। এই সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন জাগ্রত রাখা এবং নতুন প্রজন্মের মনে গৌরবময় এই ইতিহাস বেঁচে থাকার লক্ষ্যে এক নতুন বার্তা দেয়া হয়েছে।