মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের একটি লেক থেকে রামলাল রবিদাস (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার শমশেরনগর দেওছড়া চা বাগানের ১২ নম্বর সেকশনের এই লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রামলাল রবিদাস শমশেরনগর চা বাগানের বজ্রনাথ রবিদাসের পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রামলাল গোসল করতে লেকে যান এবং আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হন। পরে লেকের পাড়ে তাঁর গামছা, জুতা ও সাবান পাওয়া যায়। গোসলের সময় লেকে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রকাশ পায়। শুক্রবার শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের ডুবুরি সিলেট থেকে এসে লেকের পানিতে লাশ উদ্ধার করে।
এই বিষয়ে নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আহমদ জানান, ‘বৃহস্পতিবার বিকেলে বাগানের লেকে গোসল করতে গিয়ে রামলাল রবিদাস পানিতে ডুবে মারা গেছেন বলে আমরা ধারণা করছি। পরে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’








