নওগাঁর সামাজিক সংগঠন ফ্রেন্ডস প্যানেলের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১টাকায় একবেলা ভরপেট খাবার বিতরণের ১৫০তম সপ্তাহ পালিত হয়েছে।
আজ (১ আগস্ট) শুক্রবার দুপুরে শহরের মরছুলা উচ্চ বিদ্যালয়ে এই এ বিশেষ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।
আলোচনার পর প্রায় ২০০ জন এতিম, দরিদ্র ও অসহায় মানুষের জন্য ১টাকায় একটি ভরপেট খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে নওগাঁ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রিমন আলী মৃধা সভাপতিত্ব করেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা মানষ চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হোসেন, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, আরমান হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস প্যানেলের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, শহরের রাস্তায় অনেক অসহায় মানুষ খাবার পাচ্ছে না, বিশেষত শুক্রবারগুলোতে যখন বেশিরভাগ দোকানপাট ও হোটেল বন্ধ থাকে। তাই এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রতি শুক্রবার দুপুরে যাযাবর ও গরিবদের জন্য ১টাকায় খাবার বিতরণ করি।” তিনি আরও জানান, “অনেকেই সাহায্য নিতে চান না বা বিনামূল্যে খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এজন্য আমরা মাত্র ১টাকার বিনিময়ে খাবার সরবরাহ করি, যা তাদের আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে।”
সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, “সমাজের বিত্তবানদের সহযোগিতা মিললে আমরা ভবিষ্যতে সপ্তাহে ৩-৪ দিন এই খাবার বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চাই।”
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”—এই মৌলিক স্লোগানকে সামনে রেখে নওগাঁর ফ্রেন্ডস প্যানেল ১৫০ সপ্তাহ ধরে অবলম্বন করে প্রতি শুক্রবার নিয়মিত এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।








