সিলেটের সীমান্তবর্তী নানা এলাকায় আইনি আইন অমান্য করে ভারত থেকে অনুপ্রবেশ করা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত এক সমন্বিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল ও দমদমিয়া বিওপিসহ জেলার সীমান্তবর্তী এসব এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেসওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা পাতা এবং নাইসিল পাউডার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সদর দফতরের নির্দেশ মোতাবেক নিয়মিত অভিযান চালিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছি।’
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে এবং তা শিগগিরই সম্পন্ন হবে। বিজিবি চোরাচালান রোধে ও জনগণের নিরাপত্তা ব্যবস্থায় ক্রমাগত কঠোর অবস্থান অবলম্বন করবে।








