টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিট মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় একসঙ্গে চালু করা হয়েছে।
কপাবিকে’র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির লেভেল কয়েকদিন ধরে বাড়ছে। পানির এই পর্যাপ্ত সরবরাহের ফলে পানি-নির্ভর কেন্দ্রটি পাঁচটি ইউনিট একযোগে গ্রিডে পাঠাতে সক্ষম হয়েছে। এই পাঁচটি ইউনিট মিলিয়ে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুত্ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ ও ২ নং ইউনিট প্রতিটিতে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট, ৩ নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিটে প্রতিটিতে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কপাবিকে’র সর্বমোট উৎপাদনক্ষমতা সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট।
কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৯.৮৬ ফুট (মিন সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী ওই সময়ে লেকের স্বাভাবিক থাকার কথা ছিল ৮৪.৯৬ ফুট।
দায়িত্বরত প্রকৌশলীরা আরও বলেন, বিগত কয়েক মাসে লেকের জলস্তর ওঠানামার কারণে কখনো কখনো এক বা দুইটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তবে গত সোমবার তিনটি ইউনিট চালু করা হয়, মঙ্গলবার সকালে চারটি ইউনিট এবং সন্ধ্যার পরে ছয়টায় পাঁচটি ইউনিট একযোগে চালু রাখা হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই লেকের পূর্ণ ধারণক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)। বর্তমানে বৃষ্টির ধারাবাহিকতায় লেকের পানির পরিমাণ বাড়ার ফলে উৎপাদন বেড়েছে, যা অঞ্চলের বিদ্যুত সরবরাহে সহায়ক হবে।







