পবিত্র হজ পালনের শেষ পর্ব শেষ হওয়ার পর সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৭,৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরে এসেছেন। একই সময়ে হজ পালনে যোগ দেওয়ার আগে, চলাকালীন কিংবা হজ সম্পন্ন হওয়ার পর মোট ৫২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী।
এই তথ্য বুধবার (১৭ জুন) হজ পোর্টাল ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪,৫৭২ জন। সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ফেরত এসেছেন ২০,০৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮,৩৮০ জন হাজি দেশে পৌঁছেছেন। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন আরও ৪,৭১৬ জন।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে থাকা বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৫,৪১০টি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮,১১৩টি সেবা দিয়ে সাহায্য করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত আছে।








