প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সৌদি আরব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদান—এই তিন দেশের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
নতুন বিধির ফলে সৌদি নাগরিকদের উক্ত তিন দেশে ভ্রমণ সাময়িকভাবে নিষেধ করা হয়েছে এবং সেই তিন দেশ থেকে আগত ভিসা অনুরোধ ও সৌদি আরবে প্রবেশ সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছে। সিদ্ধান্তটি কেবল সরাসরি আগমনকারীদেরই সীমাবদ্ধ রাখে না; যারা সৌদিও আগমনের ২১ দিনের মধ্যে এসব দেশগুলোর কোনো একটায় অবস্থান করেছেন, তাদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অর্থাৎ তৃতীয় কোনো দেশের মাধ্যমে সুদান্তরে পৌঁছালেও এই বিধি কার্যকর থাকবে।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়েকায়া’ জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তারা এ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সাধারণ নিরাপত্তা বজায় রাখতে এবং সম্ভাব্য ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার পাশাপাশি কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি ও তানজানিয়ার মত প্রতিবেশী দেশগুলো থেকে আগত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সৌদি আরবের সব প্রবেশপথে এসব দেশ থেকে আসা যাত্রীদের নিবিড় স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে।
ওয়েকায়া আশ্বস্ত করেছে যে, এখন পর্যন্ত সৌদি আরবে ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি এবং দেশে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি বা অবনতি অনুযায়ী ভবিষ্যতে এই সুপারিশমালা সংশোধন বা হালনাগাদ করা হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে জননিরাপত্তা রক্ষার্থে এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।








